ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন রশিদ আহমেদ। ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর যৌথ স্বাক্ষরে ভোলা জেলা আহ্বায়ক কমিটির ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে কমিটির তালিকা প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট জিয়াউর রহমানকে আহ্বায়ক, মো. মাকসুদুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, শরীফ হাওলাদার সাগরকে সদস্যসচিব এবং রশিদ আহমেদকে ২ নম্বর সাংগঠনিক সম্পাদক করা হয়। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কমিটিতে দায়িত্ব পাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন রশিদ আহমেদ। তিনি জানান, ব্যক্তিগত ও সাংগঠনিক কারণে সদ্যঘোষিত কমিটিতে থেকে দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।
রশিদ আহমেদ বলেন, ভোলা জেলা আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় তিনি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দলের প্রতি ভালোবাসা ও আস্থা থেকেই অতীতে অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছেন তিনি।
তবে বর্তমানে ব্যক্তিগত ও সাংগঠনিক কিছু কারণে দায়িত্ব পালন করা সম্ভব না হওয়ায় স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করেছেন বলে জানান রশিদ আহমেদ।
তিনি আরও বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে তিনি শুধু জেলা কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন, দল থেকে নয়।
তুলি আক্তার /অনলাইন ডেস্ক বিপিসি বাংলা