জুলাইয়ের বিজয় জনগণের, কোনো ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের দাবিদার কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠী নয়; জুলাইয়ের দাবিদার বাংলাদেশের ১৮ কোটি মানুষ।কেউ এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব দাবি করতে পারে না। শহীদরা কোনো দলের সম্পত্তি নন; তারা জাতির সম্পদ।
শুক্রবার (৩১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জুলাই শহীদ ও আহত পরিবারের যথাযথ সম্মান নিশ্চিত করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, সরকার তাদের প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছে।আমরা স্পষ্টভাবে দাবি জানাই, জুলাই শহীদ ও জুলাই-সন্তানদের মর্যাদা ও প্রাপ্য রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। শহীদ পরিবারকে সম্মান দিলে ভবিষ্যতেও এই দেশের মাটিতে সাহসী সন্তান জন্ম নেবে।
জুলাইয়ে শ্রমিকদের আত্মত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৪০০ শহীদের পেশাগত পরিচয় বিশ্লেষণ করলে দেখা যায়, সর্বাধিক শহীদ শ্রমিক সমাজের। এরপর ছাত্র এবং তারপর সাধারণ মানুষের অবস্থান।তিনি বলেন, শ্রমিকরা কোনো কোটা পাওয়ার জন্য আন্দোলন করেনি; তারা বৈষম্যের বিরুদ্ধে লড়েছে। তারা চেয়েছিল সম্মানজনকভাবে পরিবার-পরিজন নিয়ে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকতে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের একজন নেতা নিজেই স্বীকার করেছেন যে গত পাঁচ মাসে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়নি এবং দুর্নীতি বেড়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি প্রধানমন্ত্রীর নির্দেশেই সবকিছু পরিচালিত হয়, তাহলে দুর্নীতিবাজরা তার আশপাশে কীভাবে অবস্থান করে? দুর্নীতি বন্ধ হয় না কেন? যখন নিজেরাই ব্যর্থতার কথা স্বীকার করছেন, তখন ক্ষমতায় থাকার নৈতিক অধিকার কোথায়?
জামায়াত আমির আরো বলেন, আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করব না। বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।রুখে দাঁড়াতে হবে, কারণ মাথা নত করলে সব শেষ হয়ে যাবে। আমরা হারব না, ইনশাআল্লাহ জয়ী হব।
উল্লেখ্য, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা অংশ নেন। ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে সংগঠনের ৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
’জারা ইসলাম / অনলাইন ডেস্ক বিপিসি বাংলা