সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় দুটি হায়েস গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, মিছিলের উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে চারটি হায়েস গাড়িতে করে ছাত্রলীগের নেতাকর্মীরা মোগলাবাজার এলাকায় এসে জড়ো হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গাড়ি দ্রুত চলে যায়। পরে দুটি হায়েস গাড়ি আটক করে পুলিশ।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, আটক ব্যক্তিদের মধ্যে একটি হায়েস গাড়ির চালকসহ ২০ জন এবং অপর গাড়ি থেকে ১০ জন রয়েছেন। তাদের সঙ্গে তিনটি মোটরসাইকেলও ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুটি গাড়ি ও মোটরসাইকেল নিয়ে কয়েকজন পালিয়ে যান।
ওসি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি
চলছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা