নিজস্ব প্রতিবেদক:
লিবিয়ায় সশস্ত্র গোষ্ঠীর অবরোধের কারণে কয়েক দিন বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ একটি তেল পাইপলাইন পুনরায় চালু করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির জাতীয় তেল সংস্থা (এনওসি) এ তথ্য জানিয়েছে। পাইপলাইনটি বন্ধ থাকায় প্রায় ৯৫ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এনওসি এক বিবৃতিতে জানায়, শারারা-জাওয়িয়া অপরিশোধিত তেল পাইপলাইনের সাত নম্বর ভালভ আবার খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-শারারা তেলক্ষেত্র থেকে ভূমধ্যসাগরীয় উপকূলের জাওয়িয়া রপ্তানি টার্মিনালে অপরিশোধিত তেল সরবরাহ পুনরায় শুরু হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর পেট্রোলিয়াম ফ্যাসিলিটিজ গার্ডের সদস্য ও একটি সশস্ত্র গোষ্ঠী নিজেদের সুযোগ-সুবিধা ও অর্থায়নসংক্রান্ত দাবির প্রেক্ষাপটে পাইপলাইনের ওই ভালভটি বন্ধ করে দেয়। এতে লিবিয়ার তেল উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়।
শারারা-জাওয়িয়া পাইপলাইনটি দেশটির অন্যতম বৃহৎ আল-শারারা তেলক্ষেত্রকে জাওয়িয়া রপ্তানি টার্মিনালের সঙ্গে যুক্ত করেছে।
আল-শারারা তেলক্ষেত্র ও সংশ্লিষ্ট পাইপলাইন পরিচালনা করে আকাকুস নামের একটি যৌথ উদ্যোগ। এতে লিবিয়ার জাতীয় তেল সংস্থার পাশাপাশি স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও নরওয়ের আন্তর্জাতিক জ্বালানি প্রতিষ্ঠানগুলো অংশীদার হিসেবে রয়েছে।
লিবিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিরোধ, নিরাপত্তা সংকট ও স্থানীয় বিভিন্ন দাবিকে কেন্দ্র করে তেল স্থাপনায় অবরোধের ঘটনা একাধিকবার ঘটেছে। এসব ঘটনায় দেশটির তেল উৎপাদন ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা