নিজস্ব প্রতিবেদক:
কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরী। তার চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিত্রনায়ক জায়েদ খান ১০ হাজার টাকা পাঠিয়েছেন—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত জায়েদ খানের পাঠানো সেই অর্থ গ্রহণ করেননি রিফাত চৌধুরী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রিফাত চৌধুরী জানিয়েছিলেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। এমনকি তার জন্য টাকা পাঠানোর বিষয়টিও কেউ তাকে নিশ্চিত করে জানাননি বলে দাবি করেন তিনি।
পরে জানা যায়, রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য এক সাংবাদিকের কাছে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন জায়েদ খান। তবে ওই সাংবাদিক টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দেওয়ার আগেই সংবাদমাধ্যমে অর্থ সহায়তার খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিফাত।
শুক্রবার রাতে এ প্রসঙ্গে রিফাত চৌধুরী জানান, তিনি শুনেছিলেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। তবে সেই অর্থ তাকে দেওয়া হয়নি এবং টাকা পাঠানোর বিষয়টিও তাকে জানানো হয়নি।
এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাত চৌধুরীর কাছে পৌঁছে দিতে গেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান তিনি।
গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি। হাসপাতালে ভর্তির পর শুরুতে শয্যা না পেয়ে কয়েক দিন মেঝেতেও থাকতে হয় তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে একটি কেবিনে স্থানান্তর করা হয়।
আশির দশক থেকে কবিতা লেখা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
অভিনয়েও নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন রিফাত চৌধুরী। নাটক ‘সিক্সটি নাইন’-এ ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। এ ছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ সিনেমাতেও অভিনয় করেছেন।
বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন এই কবি ও অভিনেতা। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। পাশাপাশি অভিনয়ের সঙ্গে ভবিষ্যতে নাটক পরিচালনাতেও যুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে তার।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা