যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে নতুন এক জোড়া জায়ান্ট পান্ডা পাঠিয়েছে চীন। ‘পিং পিং’ ও ‘ফু শুয়াং’ নামের চার বছর বয়সী পান্ডা দুটি যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি চিড়িয়াখানার উদ্দেশে বিশেষ বিমানে যাত্রা করেছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সিচুয়ান প্রদেশের চেংদু কেন্দ্র থেকে পান্ডা দুটিকে বিশেষ বিমানে তুলে দেওয়া হয়। প্রায় ১৫ ঘণ্টার এই যাত্রায় তাদের সঙ্গে চীনা পশুচিকিৎসক ও প্রজনন বিশেষজ্ঞরাও রয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে বৈঠক শেষ হওয়ার পরপরই পান্ডা পাঠানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের কর্মকর্তারা আশা করছেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর হবে।
চীন ১৯৭২ সাল থেকে বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বের প্রতীক হিসেবে জায়ান্ট পান্ডা ধার দিয়ে আসছে। কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের এই প্রক্রিয়াই ‘পান্ডা কূটনীতি’ নামে পরিচিত।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে টানাপোড়েন থাকলেও পান্ডা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন এই জোড়া পান্ডার আগমনকে সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখা হচ্ছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা