নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন। হামলার পর আহতদের উদ্ধারে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে গুলিও চালিয়েছে বন্দুকধারীরা। এতে এক উদ্ধারকর্মী নিহত ও দুজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি সড়কের পাশে থাকা পুলিশ চেকপোস্টে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলা চালানো হয়।
প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজী জানান, বিস্ফোরণের পর আহতদের কাছের হাসপাতালে নেওয়ার সময় জরুরি সেবাকর্মীদের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হন।
স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ জানান, নিহত ও আহতদের বেশির ভাগই নিরাপত্তাকর্মী ও পথচারী। হামলায় চেকপোস্টটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যায়। নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলির শব্দও শোনা যায়।
এদিকে হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।
পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। এসব হামলার বড় অংশের দায় টিটিপি এবং বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) স্বীকার করেছে।
পাকিস্তানি তালেবান আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান থেকে পৃথক সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আফগান ভূখণ্ডে টিটিপির তৎপরতা বন্ধে কাবুল যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না। তবে আফগান কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে।
হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জারদারি বেসামরিক নাগরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়ে টিটিপির বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এর আগে হামলার মাত্র দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করে পাকিস্তান সরকার। আফগানিস্তানে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পাকিস্তানের সাম্প্রতিক হামলার পর ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা