রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে চলছে তিন দিনব্যাপী দশম আন্তর্জাতিক চামড়া ও জুতা প্রদর্শনী। ছুটির দিন হওয়ায় গতকাল প্রদর্শনীতে ক্রেতা ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। আজ রোববার প্রদর্শনীর শেষ দিন।
প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানসহ বিভিন্ন দেশের ২৫০টির বেশি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রদর্শনীতে চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, ক্রীড়া পোশাক, জুতা তৈরির আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন উপকরণ, রাসায়নিক দ্রব্য, খুচরা যন্ত্রাংশসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য প্রদর্শন করা হচ্ছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি এবং লিমরা এক্সিবিশনের যৌথ উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডির লেদার চামড়াজাত বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছে। প্রতিষ্ঠানটির স্টলে চামড়ার ব্যাগ, বেল্ট, জুতা, মানিব্যাগসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে।
ডির লেদারের সিইও ফরিদা ইয়াসমিন বিথি বলেন, ছুটির দিন হওয়ায় প্রদর্শনীতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। দর্শনার্থীরা তাদের পণ্য সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। শেষ দিন আরও ভালো সাড়া পাওয়ার আশা করছেন তারা।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা