নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের আগে নিউইয়র্কে তীব্র বিক্ষোভ ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অধিবেশনস্থলের বাইরে ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
বিক্ষোভ চলাকালে নিউইয়র্কের বাসিন্দা ডেভিড ফেল্ডম্যান নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, নেতানিয়াহু কোনোভাবেই বিশ্বজুড়ে ইহুদিদের বা ইহুদি ধর্মের প্রতিনিধিত্ব করেন না।
এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেল্ডম্যান অভিযোগ করেন, নিজের রাজনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের বৈধতা প্রতিষ্ঠার জন্য নেতানিয়াহু ধর্মকে ব্যবহার করছেন। তার ভাষ্য, এটি ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তোরাহ ও ইহুদি ধর্মের শিক্ষার পরিপন্থী।
ফেল্ডম্যানের মতে, চলমান সংঘাতে ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং বিষয়টি নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করাই বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য।
এদিকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে বিশ্বনেতারা বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছেন। এর মধ্যেই অধিবেশনস্থলের বাইরে নেতানিয়াহুর উপস্থিতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। এ সময় ইসরায়েলপন্থী ও ইসরায়েলবিরোধী বিক্ষোভকারীরা পাল্টাপাল্টি স্লোগান দেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা