সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বরাদ্দ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১৩ সেপ্টেম্বর) জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইয়াসের খান চৌধুরী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জন্য বর্তমানে ৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এই বরাদ্দ বাড়িয়ে ২৫ কোটি টাকা করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। নীতিগতভাবে ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলতি বছর পুরো অর্থ দেওয়া সম্ভব হবে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ বছর পুরো অর্থ দেওয়া সম্ভব না হলেও আগামী বছর পুরো ২৫ কোটি টাকা দেওয়ার আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মফস্বল, জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সহযোগিতা করা হচ্ছে। আর্থিক সহযোগিতার জন্য আবেদনকারীদের যাচাই-বাছাই করে সহায়তা দেওয়া হয়।
জেলা প্রশাসক ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামালপুরের চারটি সংসদীয় আসনের সংসদ সদস্য, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপসি