রুপালি পর্দায় দীর্ঘ ক্যারিয়ারে সৌন্দর্য ও অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি এখনো ভক্তদের মাঝে আগ্রহ তৈরি করে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। সাদা পোশাকের সঙ্গে কালো-সাদা চেক নকশার জ্যাকেট, খোলা সোজা চুল ও মুখের মিষ্টি হাসিতে পরিশীলিত লুকে ধরা দিয়েছেন তিনি।
ছবিতে সাদা ডিপ ভি-নেক টপ ও সাদা প্যান্টের সঙ্গে কালো-সাদা নকশার ব্লেজার পরেছেন অভিনেত্রী। হাতে ছিল সোনালি রঙের রিস্টওয়াচ ও সূক্ষ্ম ব্রেসলেট। পায়ে স্ট্র্যাপি স্টিলেটো হিল। সব মিলিয়ে তাঁর সাজে ফুটে উঠেছে আধুনিকতা ও আভিজাত্যের ছাপ।
ছবিটির সঙ্গে জীবনের ওঠানামা নিয়ে একটি বার্তাও দিয়েছেন পূর্ণিমা। ক্যাপশনে তিনি লেখেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এই বার্তায় সাড়া দিয়েছেন ভক্ত-অনুসারীরাও। মন্তব্যের ঘরে অনেকে তাঁর কথার সঙ্গে একাত্মতা প্রকাশের পাশাপাশি নতুন ছবির প্রশংসা করেছেন।
মাত্র ১৭ বছর বয়সে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হয় পূর্ণিমার। প্রথম সিনেমাতেই তাঁর সহশিল্পী ছিলেন রিয়াজ। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
মান্না, ফেরদৌস, আমিন খান, শাকিল খান ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন পূর্ণিমা। তবে রিয়াজের সঙ্গে তাঁর জুটি দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়তা পায়। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’সহ বেশ কয়েকটি সিনেমায় তাঁদের অভিনয় প্রশংসিত হয়।
চলচ্চিত্রের পাশাপাশি নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনেও কাজ করেছেন পূর্ণিমা। ‘লাল নীল বেগুনী’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশন দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১০ সালে ‘ওরা আমাকে ভালো হতে দিল না’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এই অভিনেত্রী।
বর্তমানে চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও অভিনয় থেকে পুরোপুরি দূরে সরে যাননি পূর্ণিমা। তাঁর অভিনীত ‘জ্যাম’ ও ‘গাঙচিল’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান, উপস্থাপনা ও বিজ্ঞাপনেও মাঝেমধ্যে দেখা যায় তাঁকে।
দীর্ঘ সময় ধরে বিনোদন অঙ্গনে থাকা পূর্ণিমার বয়স ও সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নতুন ছবি প্রকাশ পেলেই ভক্তদের আগ্রহ ও প্রশংসা যেন বুঝিয়ে দেয়, দর্শকের কাছে তাঁর জনপ্রিয়তা এখনো অটুট।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা