মেঘলা আকাশ কিংবা অন্ধকারের কারণে পৃথিবীর ছবি তুলতে স্যাটেলাইটের যে সীমাবদ্ধতা রয়েছে, তা কাটাতে নতুন প্রযুক্তি তৈরি করেছে ভারতের মহাকাশ প্রযুক্তি স্টার্টআপ গ্যালাক্সআই। উদ্ভাবিত এই প্রযুক্তির জন্য যুক্তরাষ্ট্রের পেটেন্ট পেয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্যালাক্সআইয়ের পেটেন্ট করা প্রযুক্তিতে স্যাটেলাইটে থাকা অপটিক্যাল ও রাডার সেন্সর সমন্বিতভাবে কাজ করবে। এতে একই এলাকার ছবি একই সময়ে আরও নির্ভুলভাবে সংগ্রহ করা সম্ভব হবে। ফলে মেঘের আড়াল কিংবা অন্ধকারেও পৃথিবীর বিভিন্ন এলাকার নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা যাবে।
গ্যালাক্সআই জানিয়েছে, নতুন প্রযুক্তিটি আবহাওয়ার ওপর স্যাটেলাইট ইমেজিংয়ের নির্ভরশীলতা কমাবে। এর ফলে নিরাপত্তা, কৃষি, বীমা ও দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন খাতে স্যাটেলাইটভিত্তিক তথ্য ব্যবহারের সুযোগ বাড়বে।
প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত প্রায় ২ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে। ভারতের আইআইটি মাদ্রাজের প্রকৌশলীদের প্রতিষ্ঠিত গ্যালাক্সআই আগামী পাঁচ বছরে ৩০টি স্যাটেলাইট নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা করছে।
সম্প্রতি বেঙ্গালুরুভিত্তিক মহাকাশযান প্রকৌশল প্রতিষ্ঠান স্টারঅপসকে অধিগ্রহণ করেছে গ্যালাক্সআই। এর মাধ্যমে স্যাটেলাইট তৈরি ও সিস্টেম উন্নয়নের সক্ষমতা আরও বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়েও বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজিংয়ের বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। গবেষণা প্রতিষ্ঠান স্কাইকোয়েস্ট টেকনোলজির হিসাবে, ২০২৪ সালে এ বাজারের মূল্য ছিল ৬ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। ২০৩৩ সালের মধ্যে বাজারটি বেড়ে ২০ দশমিক ১৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
ভারতও বেসরকারি মহাকাশ খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে। আগামী এক দশকের মধ্যে দেশটির বাণিজ্যিক মহাকাশ শিল্পের আকার প্রায় ৪৪ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ পরিস্থিতিতে গ্যালাক্সআইয়ের নতুন পেটেন্টকে ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি খাতের উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক বিপিসি বাংলা