ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ও নান্দাইল-তাড়াইল আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে গজিয়ে ওঠা ঝোপঝাড় ও জঙ্গলে দুর্ভোগ বাড়ছে। কোথাও কোথাও লম্বা ঘাস ও গাছপালা সড়কের ওপরের অংশ পর্যন্ত চলে আসায় সংকুচিত হয়ে পড়েছে যান চলাচলের জায়গা। এতে একদিকে যেমন চালকদের দৃষ্টিসীমা বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তৈরি হচ্ছে দুর্ঘটনা ও ছিনতাইয়ের ঝুঁকি।
স্থানীয় বাসিন্দা ও যানবাহনচালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার না করায় পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর এসব ঝোপঝাড় থেকে হঠাৎ বন্যপ্রাণী সড়কে উঠে আসায় চলন্ত যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ছে।
এ ছাড়া রাতের বেলায় ঝোপঝাড় ও অন্ধকারের সুযোগ নিয়ে দুষ্কৃতকারীরা বিভিন্ন নির্জন স্থানে ওত পেতে থাকে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, নান্দাইল ও তাড়াইল সীমান্তের কিছু নির্জন এলাকায় গাছের ডাল ফেলে বা ব্যারিকেড তৈরি করে যানবাহন থামিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এতে সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, সড়কের বিভিন্ন বাঁক ও মোড়ে ঝোপঝাড় এতটাই বেড়েছে যে বিপরীত দিক থেকে আসা যানবাহন অনেক সময় দূর থেকে দেখা যায় না। সম্প্রতি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জ এলাকায় একটি দ্রুতগতির ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। এর আগে নান্দাইলের আমলিতলা জোরপুকুরপাড় এলাকায় চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে চালক নিহত হন।
চালকদের অভিযোগ, সড়কের দুই পাশে অতিরিক্ত ঝোপঝাড় থাকায় রাতে রাস্তার সীমানা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়ে। বিশেষ করে বাঁকগুলোতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নীতিমালা অনুযায়ী, নিরাপদ যান চলাচলের স্বার্থে সড়কের দুই পাশের ‘রাইট অব ওয়ে’ বা সড়কসীমা প্রতিবন্ধকতা, লতাপাতা ও জঙ্গলমুক্ত রাখার নিয়ম রয়েছে। পাশাপাশি সড়কের বাঁক ও মোড়ে চালকদের দৃষ্টিসীমা স্বাভাবিক রাখতে নিয়মিত আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করার কথা।
এ বিষয়ে কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আহম্মেদ বলেন, বর্ষা মৌসুমে সড়কের দুই পাশে আগাছা দ্রুত বেড়ে যাওয়ায় কিছু এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সড়ক রক্ষণাবেক্ষণ নীতিমালার আওতায় সংশ্লিষ্ট এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত পরিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে শিগগিরই সড়কের দুই পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কারের কাজ শুরু হবে বলে জানান তিনি।
তুলি আক্তার/অনলাইন ডেস্ক বিপিসি