শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ইউরোপের চার দেশ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১৭ বার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপের চার দেশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা হওয়ার পর ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ে ইতিবাচক অগ্রগতি হলে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত।

রোববার দেওয়া এক যৌথ বিবৃতিতে চার দেশের নেতারা বলেন, ইরান যেন কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সে লক্ষ্য অর্জনে তারা যুক্তরাষ্ট্র, ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার স্থানীয় সময় বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। এর কিছুক্ষণ আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দেন, তার দেশের মধ্যস্থতায় এই সমঝোতা হয়েছে।

জানা গেছে, আগামী শুক্রবার সুইজারল্যান্ডে সমঝোতা স্মারকে আনুষ্ঠানিক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। যদিও চুক্তির বিস্তারিত শর্ত এখনো প্রকাশ করা হয়নি। শাহবাজ শরিফ জানিয়েছেন, সমঝোতার আওতায় সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে এবং স্থায়ীভাবে বন্ধ করা হবে। এর মধ্যে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে, সোমবার রাত থেকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ থাকবে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ৬০ দিনের যুদ্ধবিরতির সময় আরও বিস্তৃত একটি চুক্তি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়েও পরবর্তী পর্যায়ের আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেশটি আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অংশ তারা নয়।

ডোনাল্ড ট্রাম্প আরও জানিয়েছেন, বৈশ্বিক তেল ও গ্যাস সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আগামী শুক্রবার থেকে পুনরায় খুলে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি, কয়েক মাস ধরে ইরান কার্যত এই নৌপথ বন্ধ করে রেখেছিল।

একই সঙ্গে ট্রাম্প ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ প্রত্যাহারের নির্দেশ দেওয়ার কথাও জানান। তিনি বলেন, বিশ্বব্যাপী জাহাজ চলাচল এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘোষণার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব দেখা যায়। সোমবার দিনের শুরুতে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ৪ শতাংশ কমে যায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৪ দশমিক ৬ শতাংশের বেশি হ্রাস পায়। পাশাপাশি এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category