মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওয়াহাকা রাজ্যে সশস্ত্র হামলায় এক মেয়র নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচারের রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘাতপ্রবণ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ওয়াহাকা রাজ্যের প্রসিকিউটরদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় সাত হাজার জনসংখ্যার শহর সান মিগেল আমাতিতলানের মেয়র জোয়েল ব্রাভো সশস্ত্র হামলায় নিহত হন। তবে হামলার সময়, স্থান ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার পর ওয়াহাকার গভর্নর সালোমোন হারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ওয়াহাকায় আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সহিংসতার কোনো স্থান নেই। অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।
হত্যাকাণ্ডের পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রসিকিউটররা জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে একটি বিশেষ ট্যাকটিক্যাল ইউনিট মোতায়েন করা হয়েছে। অভিযানে ফেডারেল নিরাপত্তা বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।
ওয়াহাকা রাজ্য দীর্ঘদিন ধরেই মাদক চক্রগুলোর তৎপরতার কারণে আলোচনায় রয়েছে। বিশেষ করে জালিস্কো নুয়েভা জেনারাসিওন কার্টেল এবং সিনালোয়া কার্টেল নামে দুই শক্তিশালী মাদক চক্র এই অঞ্চলে সক্রিয়। প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থানের কারণে রাজ্যটি মাদক পাচারের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডর হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকদের মতে, মাদক চক্রগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের ওপর প্রভাব বিস্তারের চেষ্টার কারণে এ ধরনের হামলার ঘটনা প্রায়ই ঘটে থাকে।
উল্লেখ্য, ২০০৬ সালে মেক্সিকো সরকার মাদকবিরোধী অভিযান জোরদার করার পর দেশটিতে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এরপর থেকে মাদক-সংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ১০০ জন মেয়র নিহত হয়েছেন বলে বিভিন্ন পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। জোয়েল ব্রাভোর হত্যাকাণ্ড সেই দীর্ঘ তালিকায় নতুন করে যুক্ত হলো।
Leave a Reply