দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম (মিজলস) রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে সারাদেশে ৯৬৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।
এ সময়ের মধ্যে ১১১ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগে ৫৬৮ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং রোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply