বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বাজেটকে ‘লুটপাটের বাজেট’ আখ্যা দিলেন সংসদ সদস্য আমির হামজা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩ বার

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘লুটপাটের বাজেট’ হিসেবে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, এই বাজেট অনেকটা চানাচুর মার্কার মতো—দেখতে আকর্ষণীয় হলেও বাস্তবে তা ক্ষতিকর হতে পারে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

আলোচনায় আমির হামজা বলেন, জাতীয় বাজেটের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ নিশ্চিত করা। তিনি কর প্রশাসন আধুনিকায়ন, কর ফাঁকি ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের চাপ না বাড়িয়ে নতুন আয়ের ক্ষেত্র খুঁজে বের করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বেকারত্ব সমস্যা সমাধানে শিল্পায়নের ওপর গুরুত্ব দিতে হবে। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের দাবি জানান তিনি।

মাদ্রাসা শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর মাদ্রাসা শিক্ষা দীর্ঘদিন ধরে অবহেলিত। তিনি এবতেদায়ী মাদ্রাসা এবং প্রতিটি জেলা শহরে ফাজিল ও কামিল মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কৃষিখাতে স্বল্পমূল্যে সার, বীজ এবং শুল্কমুক্ত কৃষি যন্ত্রপাতি সরবরাহের দাবি জানান এই সংসদ সদস্য। একই সঙ্গে রেল যোগাযোগ আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেললাইন চালুর বিষয়টি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বাজেট নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে আমির হামজা বলেন, সরকার বলছে বাজেটকে ঘিরে আনন্দের বন্যা বইছে, অথচ বাস্তবে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন হচ্ছে। তিনি অভিযোগ করেন, অতীতের মতো এবারও বাজেটের অর্থ যেন দুর্নীতির মাধ্যমে অপব্যবহার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

তিনি আরও বলেন, অর্থপাচার রোধে সরকারের সুস্পষ্ট ও কার্যকর নীতি জনগণের সামনে প্রকাশ করা উচিত। নীতিগত স্বচ্ছতা ছাড়া অর্থনৈতিক সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category