বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

নবজাতক কন্যাশিশু উদ্ধার, হাসপাতালে চিকিৎসাধীন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২ বার

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পলিথিন মোড়ানো অবস্থায় একটি সদ্য ভূমিষ্ঠ কন্যা নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার একটি বাড়ির সামনে শিশুটিকে পাওয়া যায়। পরে বুধবার (১৭ জুন) বিষয়টি প্রকাশ্যে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির বাসিন্দা মীর হোসেন তার ঘরের সামনে একটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখেন। পরে ব্যাগটি নড়াচড়া করছে এবং কান্নার শব্দ শুনে সন্দেহ হলে তিনি সেটি খুলে দেখেন। ভেতরে একটি নবজাতক কন্যাশিশু পাওয়া যায়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেখানে জড়ো হন এবং দ্রুত শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট এলাকার একটি বেসরকারি হাসপাতাল—শেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটিকে বেলা ১১টার দিকে ভর্তি করা হয়। শুরুতে তার শারীরিক অবস্থা কিছুটা দুর্বল থাকলেও চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত এবং সুস্থতার দিকে অগ্রসর হচ্ছে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এসএ ফারুক জানান, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর নবজাতকের অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে সে স্থিতিশীল রয়েছে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, বিষয়টি জানার পর সমাজসেবা বিভাগকে শিশুটির সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির পরবর্তী দেখভাল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category