শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

কাবা শরিফে পরানো হলো নতুন কিসওয়া

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১ বার

আরবি নববর্ষ ১৪৪৮ হিজরির সূচনায় পবিত্র কাবা শরিফে স্বর্ণখচিত নতুন গিলাফ বা কিসওয়া পরানো হয়েছে। সোমবার স্থানীয় সময় এশার নামাজের পর মসজিদুল হারাম-এ আনুষ্ঠানিকভাবে নতুন কিসওয়া স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়।

সাম্প্রতিক বছরগুলোতে মহররম মাসের শুরুতে কাবার গিলাফ পরিবর্তনের যে রীতি অনুসরণ করা হচ্ছে, তার ধারাবাহিকতায় এবারও পুরোনো কিসওয়া সরিয়ে নতুন গিলাফ স্থাপন করা হয়েছে। এ ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা মসজিদুল হারামে ভিড় করেন।

নতুন কিসওয়া সৌদি আরবের কিং আব্দুল আজিজ কমপ্লেক্স-এ বিশেষ কারিগরি প্রক্রিয়ায় তৈরি করা হয়। প্রায় ১১ মাস ধরে শতাধিক দক্ষ কারিগর সাতটি ধাপে এর নির্মাণকাজ সম্পন্ন করেন।

কিসওয়া তৈরিতে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড় ব্যবহার করা হয়েছে। এতে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত স্বর্ণ ও রৌপ্যের সূতায় দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফির মাধ্যমে অঙ্কিত হয়েছে। অলঙ্করণে ব্যবহৃত হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্য। পুরো কিসওয়ার ওজন প্রায় ১ হাজার ৪১৫ কিলোগ্রাম।

অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ মসজিদুল হারামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নতুন কিসওয়া আনুষ্ঠানিকভাবে কাবা শরিফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

প্রচলিত নিয়ম অনুযায়ী, অপসারণ করা পুরোনো কিসওয়া সংরক্ষণের পর ছোট ছোট অংশে বিভক্ত করে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও গুরুত্বপূর্ণ অতিথিদের মাঝে স্মারক হিসেবে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category