ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও বিক্ষোভে নেমেছেন শত শত মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে ঘটে যাওয়া নিরাপত্তা ব্যর্থতার তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন না করায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।
শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে প্রায় ৫০০ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আইন অনুযায়ী স্বাধীন তদন্ত কমিশন গঠন না করে নেতানিয়াহু রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত একটি তদন্ত কমিটি গঠনের চেষ্টা করছেন।
সমাবেশে বক্তব্য দেন হামাসের হামলার সময় অপহৃত হয়ে পরে গাজায় নিহত হওয়া ৮০ বছর বয়সী ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে হামলার ঘটনাকে ঘিরে আরও অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। তার মতে, আইন অনুযায়ী গঠিত রাষ্ট্রীয় তদন্ত কমিশনই সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত সংস্থা হতে পারে, কারণ এতে প্রধান বিচারপতির মনোনীত স্বাধীন বিশেষজ্ঞরা দায়িত্ব পালন করেন।
তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর প্রস্তাবিত তদন্ত কমিটিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের রাখা হবে। এতে সরকার ও বিরোধী দলের সমান প্রতিনিধিত্বের কথা বলা হলেও বিরোধী পক্ষ অংশ না নিলে কার্যত সরকারপক্ষের সদস্যরাই তদন্ত পরিচালনা করবেন। ফলে নিরপেক্ষ তদন্তের সুযোগ নষ্ট হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সমাবেশে আরও বক্তব্য দেন হামলায় নিহত নোভা সঙ্গীত উৎসবের অংশগ্রহণকারী ২৬ বছর বয়সী ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যান। তিনি বলেন, তার মেয়ে ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের বলি হয়েছেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে চলা ধর্মীয় উত্তেজনা এবং পবিত্র স্থানগুলোকে ঘিরে বিরোধ এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে।
এরান লিটম্যান বাধ্যতামূলক সামরিক সেবা থেকে কিছু শিক্ষার্থীর অব্যাহতি দেওয়ার সরকারি নীতিরও সমালোচনা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সমান দায়িত্ব নিতে হবে। আবেগঘন বক্তব্যে তিনি মেয়ের মৃত্যুর কথা স্মরণ করে সরকারের নীতির কঠোর সমালোচনা করেন।
সমাবেশ চলাকালে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়। সরকারপন্থি কর্মী হাদার মুখতার বিক্ষোভস্থলে এসে ভিডিও ধারণের চেষ্টা করলে সরকারবিরোধী এক সামাজিক যোগাযোগমাধ্যমকর্মীর সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের ছেড়ে দেয়। তবে বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
Leave a Reply