দীর্ঘ ১৭ বছর পর পর্দায় ফিরেছে অক্ষয় কুমার ও সাইফ আলী খানের জুটি। দুই তারকার পুনর্মিলন ঘিরে দর্শকদের আগ্রহ থাকলেও মুক্তির প্রথম দিনে তার প্রভাব পড়েনি বক্স অফিসে। প্রিয়দর্শন পরিচালিত ‘হাইওয়ান’ শুরু করেছে বেশ ধীরগতিতে।
২০০৮ সালের ‘তাসান’-এর পর আবারও একসঙ্গে দেখা গেছে অক্ষয় ও সাইফকে। বহু প্রতীক্ষিত এই জুটির নতুন সিনেমা নিয়ে মুক্তির আগে দর্শকদের মধ্যে ছিল বাড়তি উন্মাদনা। তবে প্রথম দিনের আয় সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতের প্রেক্ষাগৃহে প্রথম দিনে ‘হাইওয়ান’ নিট আয় করেছে প্রায় ৩ কোটি রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬০ লাখ রুপি। বিশ্বব্যাপী প্রথম দিনে সিনেমাটির আয় হয়েছে আনুমানিক ৪ কোটি ৬০ লাখ রুপি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম দিনে সিনেমাটির জন্য মোট ৭ হাজার ২২৪টি শো রাখা হয়েছিল। তবে দর্শক উপস্থিতি ছিল প্রায় ১১ শতাংশ। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটির এমন ধীর সূচনা নিয়ে বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
অক্ষয় ও সাইফের আগের সিনেমার প্রথম দিনের আয়ের সঙ্গেও তুলনা করা হচ্ছে ‘হাইওয়ান’-এর আয়। ২০০৭ সালে মুক্তি পাওয়া অক্ষয়ের ‘ভুল ভুলাইয়া’ প্রথম দিনে প্রায় ৩ কোটি ৮৮ লাখ রুপি আয় করেছিল। একই বছরে সাইফের ‘তা রা রাম পাম’ আয় করেছিল প্রায় ৩ কোটি ৬৬ লাখ রুপি। সে তুলনায় নতুন সিনেমাটি পিছিয়ে রয়েছে।
তবে প্রেক্ষাগৃহে অন্য সিনেমার দাপটকেও ‘হাইওয়ান’-এর ধীর শুরুর অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মুক্তির ৩৬ দিন পরও ‘হনুমান অংশ’ বক্স অফিসে ভালো অবস্থানে রয়েছে। পাশাপাশি দ্বিতীয় সপ্তাহে থাকা ‘মির্জাপুর দ্য মুভি’ও দর্শক টানছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি