কিভাবে বুঝবেন আপনি সিচুয়েশনশিপে আছেন?
বিশেষজ্ঞদের মতে, কয়েকটি লক্ষণ দেখে বিষয়টি বোঝা যায়—
সম্পর্কের কোনো নির্দিষ্ট নাম বা পরিচয় নেই।
ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা বা প্রতিশ্রুতি নেই।
একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ হলেও সামাজিকভাবে সম্পর্কটি স্বীকৃত নয়।
একজন অন্যজনের প্রতি আবেগী হলেও সম্পর্কের দায়িত্ব নিতে চান না।
সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা, বিভ্রান্তি ও নিরাপত্তাহীনতা কাজ করে।
সিচুয়েশনশিপের ইতিবাচক দিক
মনোবিজ্ঞানীরা বলছেন, সব ক্ষেত্রে সিচুয়েশনশিপ ক্ষতিকর নয়। যদি দুজনের প্রত্যাশা একই হয় এবং উভয়েই সম্পর্কের সীমা সম্পর্কে পরিষ্কার থাকেন, তাহলে কিছু সুবিধাও থাকতে পারে।
নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির চাপ ছাড়াই সম্পর্কের অভিজ্ঞতা নেওয়া যায়।
ব্যক্তিস্বাধীনতা বজায় রেখে একাকিত্ব কিছুটা দূর করা সম্ভব।
জীবনের ব্যস্ত সময়ে কম দায়বদ্ধতার সম্পর্ক অনেকের কাছে স্বস্তিদায়ক হতে পারে।কোথায় তৈরি হয় সমস্যা?
সমস্যা শুরু হয় তখনই, যখন একজন সম্পর্কটিকে ভবিষ্যতের দিকে নিতে চান, কিন্তু অন্যজন তা চান না। এতে হতাশা, মানসিক কষ্ট, নিরাপত্তাহীনতা ও আত্মসম্মানে আঘাত লাগতে পারে।
মনোবিজ্ঞানী সুজান আলবার্সের মতে, সম্পর্কে দুই পক্ষের প্রত্যাশা এক না হলে সিচুয়েশনশিপ সহজেই বিষাক্ত সম্পর্কে পরিণত হতে পারে। একজন যদি সম্পর্ক নিয়ন্ত্রণ করেন আর অন্যজন শুধু মানিয়ে চলেন, তাহলে মানসিক চাপ আরো বেড়ে যায়।
মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব সময় সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা, প্রত্যাখ্যাত হওয়ার ভয়, আত্মবিশ্বাস কমে যাওয়া, উদ্বেগ, হতাশা এবং একাকিত্বের অনুভূতি তৈরি হতে পারে।
টিন্ডারের ডেটিং বিশেষজ্ঞ ডেভিন সিমোন বলেন, এমন সম্পর্কের টানাপড়েন অনেক ক্ষেত্রে মস্তিষ্কে মাদকের আসক্তির মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। ফলে সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাও কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় অনুসরণ করার পরামর্শ দিয়েছেন—
সম্পর্কের বাস্তবতা মেনে নিন।
নিজের চাওয়া-পাওয়া ও প্রত্যাশা স্পষ্টভাবে জানিয়ে কথা বলুন।
আত্মসম্মানকে গুরুত্ব দিন।
নিজের মানসিক সুস্থতা ও ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিন।
সম্পর্ক শেষ হলে বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গীকে অনুসরণ না করাই ভালো।
ভবিষ্যতের সম্পর্কে কী চান, তা আগে থেকেই পরিষ্কার করে নিন।
বিশেষজ্ঞদের পরামর্শ
মনোবিজ্ঞানীরা বলছেন, সম্পর্ক যে ধরনেরই হোক না কেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্পষ্ট যোগাযোগ, পারস্পরিক সম্মান এবং উভয়ের সম্মতি। যদি দুই পক্ষ একই প্রত্যাশা নিয়ে সম্পর্কে থাকেন, তাহলে ভুল বোঝাবুঝি কম হয়। কিন্তু একজন যদি স্থায়ী সম্পর্ক চান আর অন্যজন শুধু পরিস্থিতিভিত্তিক সম্পর্ক বজায় রাখতে চান, তাহলে সেই সম্পর্ক দীর্ঘ মেয়াদে মানসিক কষ্টের কারণ হতে পারে।
তাই কোনো সম্পর্কে জড়ানোর আগে নিজের চাওয়া, সীমারেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি। বিশেষজ্ঞদের মতে, একটি সুস্থ সম্পর্ক এমন হওয়া উচিত, যেখানে ভালোবাসার পাশাপাশি নিরাপত্তা, সম্মান, দায়বদ্ধতা এবং পারস্পরিক আস্থাও থাকে।






