নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন— বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), বদরুল হায়দার (৫০) এবং ক্যান্টিন বয় আমির (২৫), শংকর (২৫), কাওছার (৩০) ও আল আমিন (৪৫)।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দুপুরে ক্যান্টিনের বুফেতে খাবার নেওয়ার জন্য কর্মীরা লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কিচেনের ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ক্যান্টিন বয়সহ ১২ জন দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
তিনি আরও বলেন, রান্না শেষ হওয়ার পর কেউ একজন চুলা চালু অবস্থায় রেখে গিয়েছিলেন। পরে ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হাসপাতালে ১২ জন দগ্ধ রোগী আনা হয়েছে। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply