বলিউড অভিনেত্রী মৌনী রায় ও ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার-এর দাম্পত্য জীবন নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। ২০২২ সালে প্রেমের সম্পর্কের পর বাঙালি ও মালায়লাম রীতিতে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা। সেই বিয়ে ঘিরে ভক্তদের আগ্রহও ছিল ব্যাপক। তবে চার বছরের দাম্পত্যে এবার ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একে অপরকে আনফলো করেছেন মৌনী ও সুরজ। শুধু তাই নয়, অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় স্বামীর কোনো ছবিও দেখা যাচ্ছে না। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে বিচ্ছেদের আলোচনা শুরু হয়।
একসময় সামাজিক মাধ্যমে তাদের একসঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও দেখা গেলেও বর্তমানে সুরজের উপস্থিতি প্রায় নেই বললেই চলে। বিষয়টি ঘিরে ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মৌনী রায় বা সুরজ নাম্বিয়ার কেউই। ফলে পুরো বিষয়টি এখনো গুঞ্জন ও জল্পনার পর্যায়েই রয়েছে।
অনেক নেটিজেনের মতে, ব্যক্তিগত কারণেও তারকারা অনেক সময় সামাজিক মাধ্যম থেকে ছবি সরিয়ে ফেলেন বা একে অপরকে অনুসরণ করা বন্ধ করেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সম্পর্ক ভাঙনের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখন ভক্তদের অপেক্ষা, এ বিষয়ে কবে মুখ খুলবেন মৌনী রায়।
Leave a Reply