দীর্ঘদিন ধরে নিয়োগবঞ্চিত থাকা ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগ বাতিল হয়ে যাবে।
এতে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষার্থে তাদের ব্যাচের প্রথম নিয়োগপ্রাপ্তদের যে তারিখে নিয়োগ প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেই তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে এ নিয়োগ কার্যকর হবে। ফলে তারা ধারণাগত জ্যেষ্ঠতা বজায় রাখবেন। তবে এ কারণে কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না তারা।
উল্লেখ্য, ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩ হাজার ৫৬৭ জন উত্তীর্ণ হন। পরে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ওই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে পুনরায় মৌখিক পরীক্ষা নেয়। প্রথম ফল বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে উত্তীর্ণ প্রার্থীরা আদালতে রিট আবেদন করেন। ২০০৮ সালের ৩ জুলাই হাইকোর্ট ফল বাতিলকে বৈধ ঘোষণা করলে আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
পরবর্তীতে গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। এবার আরও ৯৬ জনকে নিয়োগ দেওয়া হলো।
Leave a Reply