যশোরের অভয়নগরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের হেলপার। রোববার দুপুরে উপজেলার মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লা ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন (৩৩) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত রায়হান (২৯) একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
চিকিৎসাধীন রায়হান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা ট্রাক নিয়ে আকিজ রিসোর্সেসের কয়লা ডিপোর সামনে পৌঁছান। সেখানে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরমুখী একটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক মনোয়ার ছিটকে রেললাইনের ওপর পড়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপার রায়হানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে ওই রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
স্থানীয় মোটর শ্রমিকনেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, আকিজ রিসোর্সেসের ডিপো থেকে কয়লা পরিবহনের জন্য নিয়মিত এই রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটিতে কোনো গেটম্যান বা নিরাপত্তাব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুত সেখানে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত বলেন, যশোরমুখী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার পর কিছু সময় যশোর-খুলনা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
Leave a Reply