বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ধামরাই সরকারি কলেজে টিকটক-রিলস নিষিদ্ধ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪ বার

ঢাকার ধামরাই উপজেলার ধামরাই সরকারি কলেজ ক্যাম্পাসে ইউনিফর্ম পরে টিকটক, রিলসসহ বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও কুরুচিপূর্ণ পোস্ট থেকেও শিক্ষার্থীদের বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার অধ্যক্ষ স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের কিছু অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড কলেজ প্রশাসনের নজরে এসেছে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার পাশাপাশি কলেজের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

এ কারণে কলেজ প্রশাসন তিনটি নির্দেশনা দিয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে— কলেজ ইউনিফর্ম পরে বা কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের অশালীন কিংবা বিতর্কিত ছবি ও ভিডিও ধারণ ও প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া শিক্ষক, সহপাঠী বা অন্য কারও বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, সাইবার বুলিং বা সম্মানহানিকর পোস্ট করা যাবে না। একই সঙ্গে কলেজের নাম ব্যবহার করে মিথ্যা তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কলেজ প্রশাসন এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোনো শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার বা সাইবার অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাকে স্থায়ী বহিষ্কারসহ আইনগত ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, প্রতিষ্ঠানে মুঠোফোন আনা নিষিদ্ধ থাকলেও অনেক শিক্ষার্থী গোপনে ফোন নিয়ে এসে টিকটক ও রিলস তৈরি করছে। বিষয়টি নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় কলেজ প্রশাসন ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ক্যাম্পাস লেখাপড়ার জায়গা, তাই শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং পরিবারকেও এ বিষয়ে সচেতন ভূমিকা রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category