বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

স্বামী বদলের আবেদন নিয়ে আদালতে দুই বোন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬ বার

ভারতের মধ্যপ্রদেশ হাইকোর্টের গ্বালিয়র বেঞ্চ-এ এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী পরিবর্তনের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ায় ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

ঘটনার সূত্রপাত হয় একটি হেবিয়াস কর্পাস মামলার মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে তার ভায়রাভাই জোরপূর্বক অপহরণ করেছেন। অভিযোগের ভিত্তিতে আদালত মামলাটি গ্রহণ করে এবং সংশ্লিষ্টদের আদালতে হাজির করার জন্য পুলিশকে নির্দেশ দেয়।

পরে আদালতে হাজির করা হলে অভিযুক্ত ‘অপহৃতা’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। আদালতে তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক ভালো নয় এবং এ কারণে তিনি ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের মামলাও করেছেন।

অন্যদিকে অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনি জানান, নিজের স্বামীর সঙ্গে থাকতে আগ্রহী নন এবং বোনের স্বামীর সঙ্গেই সংসার করতে চান। আদালতে উপস্থিত দুই বোনই পরস্পরের স্বামী বদল করে দেওয়ার অনুরোধ জানান, যা বিচারকসহ উপস্থিতদের বিস্মিত করে।

মামলায় জড়িত সবাই প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালত বিষয়টিকে কোনো ফৌজদারি অপহরণ হিসেবে দেখেনি। বিচারপতি মন্তব্য করেন, এটি মূলত পারিবারিক বিরোধের বিষয় এবং সংশ্লিষ্টরা চাইলে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেন।

শেষ পর্যন্ত আদালত হেবিয়াস কর্পাস মামলাটি খারিজ করে দেয়। অস্বাভাবিক এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category