গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। এ সময় তাদের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, ভোরের আগে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে এলাকায় প্রবেশ করে। পরে তারা আবু বক্কর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে থাকে। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক চিৎকার দিয়ে আশপাশের লোকজনকে সতর্ক করেন।
চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তিনজনকে আটক করা হয়। স্থানীয়দের দাবি, তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পরে ক্ষুব্ধ জনতা আটক তিনজনকে গণপিটুনি দেয়। একই সময় তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply