সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে আজ থেকে চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। নতুন এ ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব নম্বর অর্থ পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উদ্যোগে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এ ব্যবস্থা কার্যকর হবে।
অর্থ বিভাগ জানিয়েছে, সরকারের ১১টি জাতীয় সঞ্চয় স্কিমের মধ্যে ৯টির লেনদেন বর্তমানে ন্যাশনাল সেভিংস স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের (এনএসসি সিস্টেম) মাধ্যমে পরিচালিত হচ্ছে। এতে নিবন্ধিত একক গ্রাহকের সংখ্যা ৩৯ লাখ ৪৬ হাজার ২২৪ জন। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বিনিয়োগকারীদের মুনাফা ও মূল অর্থ পরিশোধ করা হয়। একই সময়ে গড়ে ৮ হাজার নতুন সঞ্চয়পত্র ইস্যু হচ্ছে।
এতদিন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর যাচাইয়ের ব্যবস্থা থাকলেও ব্যাংক হিসাব নম্বর যাচাইয়ের সুযোগ ছিল না। ফলে আবেদনকারী ভুল করে হিসাব নম্বরের কোনো একটি অঙ্ক দিলেও সেটি সরাসরি সিস্টেমে যুক্ত হয়ে যেত। পরে ইএফটির মাধ্যমে অর্থ পাঠানো হলে তা ফেরত আসত। এরপর তথ্য সংশোধন করে পুনরায় অর্থ পাঠাতে হতো। এতে বিনিয়োগকারীর পাশাপাশি সংশ্লিষ্ট ইস্যু অফিস, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও অন্যান্য দপ্তরের কাজও বাড়ত।
নতুন ব্যবস্থায় এনএসসি সিস্টেমে হিসাব নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো ও সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সেটি যাচাই করা হবে। প্রথমে হিসাব নম্বরটি সঠিক ও সচল কি না তা পরীক্ষা করা হবে। এরপর হিসাবধারীর তথ্য জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট নম্বরের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে।
ফলে অর্থ পাঠানোর আগেই ভুল বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য শনাক্ত করা সম্ভব হবে। এতে ইএফটি ফেরত আসার ঝুঁকি কমার পাশাপাশি বিনিয়োগকারীর অর্থ ভুল হিসাবে চলে যাওয়ার আশঙ্কাও কমবে।
শুধু সঞ্চয়পত্র কেনার সময় নয়, পরবর্তী সময়ে ব্যাংক হিসাব পরিবর্তন বা সংশোধন করা হলেও নতুন হিসাব নম্বর এভিএসের মাধ্যমে যাচাই করা হবে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের মতে, এভিএস চালুর ফলে ভুল হিসাব নম্বর এন্ট্রির হার প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। একই সঙ্গে কমবে ইএফটি ফেরত আসার ঘটনা। এতে বিনিয়োগকারীদের ভোগান্তি কমার পাশাপাশি তথ্য সংশোধন ও পুনরায় অর্থ পাঠানোর অতিরিক্ত দাপ্তরিক কাজও হ্রাস পাবে।
অর্থ বিভাগের মতে, এভিএস জাতীয় সঞ্চয় স্কিমের ডিজিটাল সেবা আধুনিকায়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বিত এ প্রযুক্তিনির্ভর ব্যবস্থা সঞ্চয়পত্রের লেনদেনকে আরও নিরাপদ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য করবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক বিপিসি বাংলা