জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রায় ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ, নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ এবং কারিগরি শিক্ষা সম্প্রসারণসংক্রান্ত প্রকল্প।
মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে ৪ হাজার ৫৩৬ কোটি ১০ লাখ টাকা। বাকি ২ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে।
অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। নতুন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্প, ফেনী জেলার মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন এবং করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প।
এছাড়া পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ও কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষায় সংশোধিত প্রকল্প এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয় ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও চারটি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে শিল্পায়ন, নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
Leave a Reply