শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

মগবাজার আদ-দ্বীনের লাইসেন্স বাতিল, অন্য শাখা চালু থাকবে

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৪ বার

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্যান্য শাখার কার্যক্রম চালিয়ে যেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল-এ হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, শুধু প্যাথলজি বিভাগ নয়, মগবাজারের পুরো আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীনের অন্যান্য শাখা থাকলে সেগুলোর কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনায় কোনো বাধা নেই।

তিনি বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে দায় নিতে হবে। এ ঘটনার শাস্তি হিসেবেই হাসপাতালটির নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করে সরকারের আইনকে উপেক্ষা করে পার পেয়ে যেতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতে সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যসেবা খাতে প্রত্যাশিত মানোন্নয়ন এখনো হয়নি। তবে চিকিৎসক ও নার্সদের সম্মিলিত প্রচেষ্টায় দেশে হাম প্রতিরোধে শক্ত অবস্থান তৈরি করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category