যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করতে আবুধাবি তেহরানের জন্য বিপুল পরিমাণ অর্থ ছাড়ে সম্মত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে অবগত চারটি সূত্র এমন তথ্য দিয়েছে।
দুটি আঞ্চলিক সূত্রের তথ্য অনুযায়ী, আমিরাত মোট ১০ বিলিয়ন ডলার ছাড় দিতে সম্মত হয়েছে, যার মধ্যে ৩ বিলিয়ন ডলারেরও বেশি ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে আরও দুটি সূত্রের দাবি, মোট অর্থের পরিমাণ ২০ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে এবং এই অর্থ ছাড়ের বিনিময়ে ইরান আমিরাতে হামলা বন্ধে রাজি হয়েছে।
রয়টার্স জানিয়েছে, অর্থগুলো আমিরাতের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে নাকি আমিরাতের ব্যাংকিং ব্যবস্থায় দীর্ঘদিন ধরে আটকে থাকা ইরানের সম্পদ থেকে ছাড় করা হচ্ছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এক আমিরাতি কর্মকর্তা বলেছেন, তাদের দেশের পররাষ্ট্রনীতি আঞ্চলিক উত্তেজনা কমানো এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।
সূত্রগুলোর মতে, এই সমঝোতা বৃহত্তর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনারও অংশ হতে পারে, যেখানে যুদ্ধ বন্ধ এবং অবরুদ্ধ ইরানি তেল আয়ের অর্থ ছাড়ের বিষয়ও আলোচনায় রয়েছে। সমঝোতার আওতায় হামলা বন্ধের পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময় ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের বিষয়ও রয়েছে।
তবে শনিবার ভোরে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ ধরনের অর্থ স্থানান্তরের খবর অস্বীকার করেছে। তাদের দাবি, ইরানের জন্য ৩ বিলিয়ন ডলারসহ কোনো অর্থ ছাড়, স্থানান্তর বা সহায়তার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
Leave a Reply