বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী-এর একটি বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার দুপুর ১২টা ৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। সেখানে তিনি বলেন, বাংলাদেশে পৌঁছানোর পর নতুন ভারতীয় হাইকমিশনারের ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ সম্পর্কিত বক্তব্য তাদের নজরে এসেছে। তিনি জানতে চান, ওই বক্তব্যের মাধ্যমে হাইকমিশনার ঠিক কী বোঝাতে চেয়েছেন।
ডা. শফিকুর রহমান তার পোস্টে উল্লেখ করেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। তাই এ ধরনের বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া গেলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে বলে তিনি মনে করেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে হাইকমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা নেওয়া উচিত। যদি বক্তব্যটি আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার ইঙ্গিত বহন করে, তাহলে তা অবশ্যই নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার সকালে পেট্রাপোল-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেওয়া তার একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
Leave a Reply