কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ২৫ কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কর্মসংস্থান সৃষ্টিকে এ কর্মসূচির প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।
সরকারি সূত্র জানায়, এই কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে কর্মসূচির আওতায় ২৫ হাজার ৯৬০ হেক্টর ব্লক বাগানে ৪ কোটি ২৮ লাখ ৯৭ হাজার চারা, ৩ হাজার ৭২৭ কিলোমিটার স্ট্রিপ বাগানে ৩৭ লাখ ২৭ হাজার চারা এবং ৪ হাজার হেক্টর ম্যানগ্রোভ বাগানে ১ কোটি ৭৭ লাখ ৭৬ হাজার চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বসতবাড়ি বনায়নের জন্য আরও ৫৬ লাখ চারা বিতরণ ও রোপণের পরিকল্পনা রয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যান। সেখানে তিনি তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি সদর উপজেলার পিএমখালী এলাকায় গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
দিনব্যাপী সফরে পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
Leave a Reply