ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর যাত্রা শুরু হয়েছে নাটকীয়তা, উত্তেজনা ও রেকর্ডের মধ্য দিয়ে। উদ্বোধনী দিনে মাঠের খেলার পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল লাল কার্ডের বন্যা। সহ-স্বাগতিক মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে নবম মিনিটেই বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান কুইনোনেস। দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে তিনি দলকে এগিয়ে দেন। পরে দ্বিতীয়ার্ধে অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমেনেসের হেডে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
তবে ম্যাচটির সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল তিনটি সরাসরি লাল কার্ড। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিথোলে ও থেম্বা জোয়ানে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। যোগ করা সময়ে মেক্সিকোর সেসার মন্তেসও লাল কার্ড পান। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিনটি লাল কার্ডের ঘটনা ইতিহাসে প্রথম বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
দিনের দ্বিতীয় ম্যাচে গুয়াদালাহারায় মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্র। প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে জমে ওঠে লড়াই। ৫৯তম মিনিটে অধিনায়ক লাদিস্লাভ ক্রেচির গোলে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। তবে দ্রুত ঘুরে দাঁড়ায় দক্ষিণ কোরিয়া। ৬৭তম মিনিটে হুয়াং ইন-বিওমের গোলে সমতায় ফেরে এশিয়ার দলটি। এরপর ৮০তম মিনিটে হুয়াংয়ের বাড়ানো বল থেকে জয়সূচক গোল করেন ওহ হিয়ন-গিউ।
এক গোল ও এক অ্যাসিস্ট করে দক্ষিণ কোরিয়ার জয়ের নায়ক হন হুয়াং ইন-বিওম। এই জয়ে গ্রুপ পর্বে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিল কোরিয়ানরা। অন্যদিকে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই জয়ের মাধ্যমে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছে মেক্সিকো।
Leave a Reply