হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ অংশ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি। একই সঙ্গে তিনি বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ইরান তার সামরিক সক্ষমতা ও প্রভাব বজায় রেখেছে।
ইরানি সংবাদমাধ্যমকে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিরাল সাইয়ারি বলেন, হরমুজ প্রণালি, এর পশ্চিমাঞ্চল এবং পারস্য উপসাগর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর দৃঢ় নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও দাবি করেন, ইরানের অনুমতি ছাড়া এ অঞ্চলে কোনো ধরনের জাহাজ বা নৌযান চলাচল করতে পারবে না। এ বিষয়ে তিনি কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের নৌ সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে যে দাবি করা হচ্ছে, তারও জবাব দেন অ্যাডমিরাল সাইয়ারি। তিনি বলেন, ওয়াশিংটন যদি মনে করে ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে, তাহলে তারা বাস্তবতা যাচাই করে দেখতে পারে।
সাইয়ারির ভাষ্য, এই অঞ্চলে ইরানের সামরিক উপস্থিতি ও সক্ষমতা অতীতের মতো এখনও শক্তিশালী রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ প্রণালিকে ঘিরে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভিন্ন সময়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সূত্র: আল-জাজিরা।
Leave a Reply