বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

তৃণমূল চাঙা করতে মাঠে নামছে বিএনপি

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৯ বার

তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে মাঠের কর্মসূচিতে ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কেন্দ্র থেকে ইতোমধ্যে জেলা ও মহানগর পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় মঙ্গলবার ঝালকাঠিতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

দলীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রায় ১৯ বছর পর আবারও সরকার গঠন করেছে বিএনপি। তবে সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং গণভোট নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে। এসব ইস্যুতে বিরোধীদের নেতিবাচক প্রচারণার পাল্টা জবাব দিতেই মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপি নেতারা বলছেন, দলটি শুরু থেকেই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছে। তবে গণভোটের মাধ্যমে যেসব সংস্কার প্রস্তাব পাস হয়েছে, সেগুলোর দায় বিএনপি নেবে না—এই অবস্থান স্পষ্ট করতেই নতুন কর্মসূচি নেওয়া হয়েছে।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বিএনপির বিরুদ্ধে সংস্কারবিরোধী প্রচারণা চালাচ্ছে। তবে বিএনপি শুধু সংস্কারের পক্ষে নয়, বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ বলে দাবি করেন তিনি।

গত শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি নির্ধারণের নির্দেশ দেন। লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং দলীয় অবস্থান জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ নির্দেশনার অংশ হিসেবে গত রোববার প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও মহানগরের নেতাদের কাছে পাঠানো হয়। সেখানে সাংগঠনিক তৎপরতা বাড়াতে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে সমন্বয় করে কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানান, সরকার গঠনের পর তৃণমূলে কিছুটা হতাশা তৈরি হয়েছে। অনেক নেতাকর্মী তাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে মনে করছেন। তবে দলীয় চেয়ারম্যান তারেক রহমান সরকার ও দলকে আলাদাভাবে পরিচালনার কৌশল নিয়েছেন, যাতে সংগঠন দুর্বল না হয়ে পড়ে এবং সরকার জনবিচ্ছিন্ন না হয়।

বিএনপি সূত্র জানায়, কোরবানির ঈদের পর মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর ও অঙ্গসংগঠনের কমিটি পুনর্গঠনের কাজ শুরু হবে। সেখানে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক। তবে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলায় জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category