বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী-পররাষ্ট্রমন্ত্রীকে ‘চুড়ি পরিয়ে রাখা দরকার’: নাসীরুদ্দীন

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৪ বার

সীমান্ত হত্যা বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ তুলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টাকে ‘চুড়ি পরিয়ে রাখা দরকার’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার দুপুরে ধজনগর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও স্বজনদের সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

গত ৮ মে দিবাগত রাতে ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন কলেজছাত্র মোরছালিন (২২) ও কৃষক নবীর হোসেন (৫০)। নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন, শুধু রাজধানী নয়, সীমান্ত এলাকাগুলোতেও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

তিনি বলেন, “যদি সত্যিকারের জাতীয়তাবাদী হয়ে থাকেন, তাহলে সীমান্ত রক্ষা করা সরকারের প্রধান দায়িত্ব। সীমান্ত রক্ষা করতে না পারলে সেই জাতীয়তাবাদ ভুয়া।” তার দাবি, ভুয়া জাতীয়তাবাদীদের হাতে দেশ নিরাপদ নয়।

নিহতদের চোরাকারবারি হিসেবে উল্লেখ করে বিজিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিরও সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে মাদক কারবারি বা চোরাকারবারি হিসেবে উপস্থাপন করা ভারতীয় বয়ানের অংশ। বিজিবিকে সেই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ডের পর সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা দুর্বল হয়ে গেছে। তার ভাষ্য, আগে বিএসএফ সদস্য নিহত হলেও এখন বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা বাড়ছে।

সীমান্ত এলাকায় মাদক প্রবেশ ঠেকাতে ক্ষমতায় গেলে সীমান্তজুড়ে খাল খননের পরিকল্পনার কথাও জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সীমান্তবর্তী এলাকায় মাদকের কারখানা গড়ে উঠেছে এবং এ ব্যবসার সঙ্গে প্রভাবশালী মহলের লোকজন জড়িত।

এ সময় জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ ও দক্ষিণাঞ্চলের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ জিহানসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category