চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মোহাম্মদ হাসান ওরফে রাজু হত্যা এবং এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মূল শ্যুটারসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন সৈয়দুল করিম, আব্দুল মান্নান, ইউনুচ মিয়া, আয়াতুল্লাহ আলী আদনান, আবু বক্কর ছিদ্দিক ও আজগর আলী।
মঙ্গলবার (১২ মে) বিকেলে প্রেস ব্রিফিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ–এর উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ৭ মে রাত সাড়ে ৯টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ শহীদ মিনার এলাকার বাঁশবাড়িয়া গলিতে সশস্ত্র দুর্বৃত্তরা গুলি চালায়। এতে রাউজান উপজেলার কদলপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসান ওরফে রাজু গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
এ সময় গুলিবিদ্ধ হয় রেশমি আক্তার নামে ১২ বছর বয়সী এক শিশু। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল–এ চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর নিহতের মা সকিনা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের সুগন্ধা সৈকত এলাকা থেকে সৈয়দুল করিমকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি রাজুকে গুলি করার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, গুলি, পোশাক ও সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
ডিসি আমিনুল ইসলাম জানান, সৈয়দুল করিমের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতির দুটি মামলা রয়েছে। এছাড়া আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকনের বিরুদ্ধে চুরি, হত্যাচেষ্টা ও মারামারিসহ ছয়টি মামলা এবং আজগর আলীর বিরুদ্ধে একটি চুরির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply