ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা–এ কুখ্যাত ডাকাত শফিক মিয়া ওরফে ‘চোরা শফিক’ ও তার বাহিনীর হামলায় র্যাবের তিন সদস্য আহত হয়েছেন। রোববার (১১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা র্যাব-৯–এর সদস্য। তারা বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ চিকিৎসাধীন রয়েছেন।
র্যাব সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য সিভিল পোশাকে তিন সদস্য ওই এলাকায় গেলে শফিক মিয়া ও তার সহযোগীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে র্যাব সদস্যদের কুপিয়ে আহত করে এবং তাদের একটি বাড়িতে প্রায় দুই ঘণ্টা আটকে রাখে।
পরে র্যাবের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে র্যাব-৯ এর কমান্ডার মো. নুরুন্নবী বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তথ্য সংগ্রহে গিয়ে র্যাব সদস্যদের ওপর এমন হামলা অপ্রত্যাশিত ছিল। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ‘চোরা শফিক’ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করে আসছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply