বাংলাদেশ পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক সেবনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনস–এ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত আইজিপি ব্যাজ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের যেসব সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে আইজিপি আরও বলেন, পুরস্কার অর্জন শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ ও নেতৃত্বের প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, পুরস্কারপ্রাপ্ত সদস্যরা আগামী দিনগুলোতে আরও সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।
Leave a Reply