বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

আবু ত্বহা আদনান ও সারার ফের বিচ্ছেদ

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩১ বার

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও সাবিকুন নাহার সারা দ্বিতীয়বারের মতো দাম্পত্য জীবন শুরু করার মাত্র চার মাসের মাথায় আবারও বিচ্ছেদের পথে হাঁটলেন। শনিবার বিচ্ছেদের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সারা।

তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে ধীরে ধীরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। একপর্যায়ে পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছে যে, তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

সাবিকুন নাহার সারা বলেন, নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন তারা। দুই পরিবারও বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছিল। তবে বিভিন্ন কারণে সেই সম্পর্ক আর টেকেনি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।

জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উদ্যোগে তাদের মধ্যে পুনর্মিলন ঘটে। নতুন করে সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার বিচ্ছেদ হয় তাদের। পরে উভয় পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে জীবন শুরু করেন তারা। কিন্তু দ্বিতীয় দফার সেই সংসারও শেষ পর্যন্ত টিকল না।

তবে বিচ্ছেদের বিষয়ে এখন পর্যন্ত আবু ত্বহা মুহাম্মদ আদনান–এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করে পরিচিতি লাভ করেন। ২০১৭ সাল থেকে অনলাইনে নিয়মিত বক্তব্য দেওয়া শুরু করার পর অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ধর্মীয় নানা বিষয় সহজ ভাষায় উপস্থাপন করায় তার বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category