পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নকল দুধ তৈরির দায়ে এক কারখানা মালিককে এক বছরের এবং তার সহযোগীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা মালিককে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। অভিযানের সময় কারখানা থেকে বিষাক্ত কেমিক্যালযুক্ত জেলি ও নকল দুধ জব্দ করে পরে সেগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং থানা পুলিশের এসআই এরশাদ সহযোগিতা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন চাটমোহর উপজেলার সেনগ্রামের মৃত আকবর আলীর ছেলে ও কারখানা মালিক সাখাওয়াত হোসেন এবং ভাঙ্গুড়া উপজেলার শাহানগর গ্রামের জমশেদ আলীর ছেলে সুমন হোসেন। সুমন কারখানাটিতে সাখাওয়াতের সহযোগী হিসেবে কাজ করতেন। এর আগেও একই ধরনের অপরাধে সাখাওয়াতকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাখাওয়াত হোসেন দীর্ঘদিন ধরে শাহানগর এলাকায় দুধ কারখানার আড়ালে নকল দুধ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় কারখানা থেকে নকল দুধ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত ৭৩ কেজি বিষাক্ত কেমিক্যালযুক্ত জেলি এবং ৭০০ লিটার নকল দুধ জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানা মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার সহযোগীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে জব্দ করা নকল দুধ ও কেমিক্যালযুক্ত জেলি ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply