বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রশ্নফাঁসে বাংলাদেশসহ কয়েক দেশে কেমব্রিজ গণিত পরীক্ষা বাতিল

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬ বার

প্রশ্নফাঁসের অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অনুষ্ঠিতব্য Cambridge International-এর এএস লেভেলের গণিত বিষয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় কেমব্রিজ কর্তৃপক্ষ।

বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর হবে। একই সঙ্গে কম্বোডিয়া, ইন্দোনেশিয়ার কিছু অংশ, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনামেও সংশ্লিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে।

কেমব্রিজ জানিয়েছে, বাতিল হওয়া এএস লেভেলের গণিত পরীক্ষা আগামী ৯ জুন পুনরায় অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১১ আগস্ট।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়, কঠোর গোপনীয়তা নীতিমালা ভঙ্গ করে আগেভাগেই প্রশ্নপত্র শেয়ার করা হয়েছিল। পরে সেই প্রশ্নপত্র ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করা সম্ভব নয় বলে মনে করছে কর্তৃপক্ষ।

কেমব্রিজ আরও জানায়, বিকল্প মূল্যায়ন পদ্ধতি বা ক্যালকুলেটেড অ্যাসেসমেন্টের মাধ্যমে ফল প্রকাশ না করে সম্পূর্ণ পরীক্ষা বাতিল করে পুনরায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সব শিক্ষার্থীর জন্য সমান ও ন্যায্য মূল্যায়ন নিশ্চিত হবে বলে তারা মনে করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেয় এবং তাদের আস্থার বিষয়টি গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য ফল নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য।

প্রশ্নফাঁসের বিষয়ে কেমব্রিজ জানায়, বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন বিক্রি বা ফাঁসের দাবি ওঠে, যার অনেকগুলোই ভুয়া হয়ে থাকে। তবে এ ঘটনায় পাওয়া তথ্য যাচাই করে তারা নিয়মিত তদন্ত চালায় এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের সঙ্গেও সমন্বয় করে কাজ করে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে কেমব্রিজ কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট অংশীদারদের সহায়তায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। পরীক্ষার গোপনীয়তা ভঙ্গ বা প্রশ্নফাঁসের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category