অপরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত হওয়ায় তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শোধনাগারটির মূল প্ল্যান্টে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হয়।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টায় প্ল্যান্ট চালু করা হলেও পুরো উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, প্রয়োজনীয় ধাপ সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক উৎপাদনে ফিরবে শোধনাগারটি।
এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাংকার গত বুধবার কুতুবদিয়া অ্যাংকর এলাকায় পৌঁছায়। পরে বৃহস্পতিবার রাত থেকে জাহাজ থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয় এবং ধাপে ধাপে তেল শোধনাগারে স্থানান্তরের কাজ সম্পন্ন করা হয়। তেল সরবরাহ নিশ্চিত হওয়ার পরই প্ল্যান্ট পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছিল অপরিশোধিত তেলের বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায়। এর ফলে দেশে আমদানি কার্যক্রম ব্যাহত হওয়ায় গত এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ইআরএল আংশিকভাবে চালু ছিল। পরে ১২ এপ্রিল থেকে শোধনাগারটির প্রধান উৎপাদন ইউনিট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে অন্যান্য ইউনিটও পর্যায়ক্রমে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়।
সংশ্লিষ্টরা বলছেন, ইআরএল পুনরায় চালু হওয়ায় দেশে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে ডিজেল, পেট্রোল ও অকটেনের মতো পরিশোধিত জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
Leave a Reply