বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে মহাসড়কে গরুভর্তি ট্রাকে ডাকাতি, চালক-হেলপার আহত

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়ংকর ডাকাতির ঘটনায় গরু বোঝাই একটি ট্রাক থামিয়ে ১০টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় ট্রাকচালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গাছের সঙ্গে বেঁধে রেখে যায় তারা।

বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বালুজুরি ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চারঘাট বাজার থেকে ১০টি গরু বোঝাই করে একটি ট্রাক চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর রাত আনুমানিক ৩টার দিকে ট্রাকটি বালুজুরি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি পিকআপ ভ্যানে থাকা ৮ থেকে ১০ জনের সশস্ত্র ডাকাত দল ট্রাকটিকে ধাওয়া করে।

একপর্যায়ে ডাকাতরা মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটির গতিরোধ করে। ট্রাক থামার সঙ্গে সঙ্গে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে চালক আক্রাম হোসেনের ওপর হামলা চালানো হয়। পরে ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে সেটি চৌদ্দগ্রাম বাজার অতিক্রম করে চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ি সংলগ্ন নির্জন এলাকায় নিয়ে যায় ডাকাতরা।

সেখানে ট্রাকচালক আক্রাম হোসেন ও হেলপার দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় গাছের সঙ্গে বেঁধে রেখে নিজেদের পিকআপে ট্রাকে থাকা ১০টি গরু তুলে দ্রুত পালিয়ে যায় তারা।

ভোরবেলায় স্থানীয়রা রাস্তার পাশে খালি ট্রাক এবং দুই ব্যক্তিকে গাছের সঙ্গে বাঁধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে চৌদ্দগ্রাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে খালি ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতরা গরুগুলো অন্য একটি পিকআপে করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং লুণ্ঠিত গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category