বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

মাদকবিরোধী পোস্টে ছাত্রদল নেতার বাড়িতে হামলা

অনলাইন ডেস্ক । বিপিসি বাংলা
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১২ বার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ফেসবুকে মাদকবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদলের এক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদল নেতা রহমাতুল্লাহ টেটাবিদ্ধসহ তার বাবা মতিউর রহমান ও বড় ভাই রুহুল আমিন গুরুতর আহত হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বুধবার রাত ৯টার দিকে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের বাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, দুপুরে দরিয়াদৌলত ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রহমাতুল্লাহ তার ফেসবুক আইডিতে মাদকবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি এলাকায় ছড়িয়ে পড়ার পর উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে একই এলাকার কয়েকজন তার ওপর হামলা চালায়। পরে রাত ৯টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি দল তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালায়।

আহত রহমাতুল্লাহ দাবি করেন, তিনি পোস্টে কারও নাম উল্লেখ করেননি। এরপরও ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার ওপর আক্রমণ চালায়। পরে দলবল নিয়ে বাড়িতে এসে তাকে টেটাবিদ্ধ করা হয় এবং তার বাবা ও বড় ভাইকে মারধর করা হয়। হামলাকারীরা ৯টি ঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, মাদক ব্যবসার কারণে গ্রামের যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ঘটনায় রহমাতুল্লাহর বোন জামাই হবিউর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, ফেসবুকে দেওয়া মাদকবিরোধী স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মামলার পর আলমগীর, ফরহাদ ও জাহাঙ্গীর নামে তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category