র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আভিযানিক সক্ষমতা বাড়াতে ১৬৩টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব যানবাহন কিনতে ব্যয় হবে ১২২ কোটি টাকার বেশি।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন র্যাবের ‘র্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার যানবাহন কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। মন্ত্রিসভা কমিটি তা পর্যালোচনা করে অনুমোদন দেয়।
প্রস্তাব অনুযায়ী, ৩টি জিপ, ১০০টি প্যাট্রল পিকআপ এবং ৬০টি এসি মাইক্রোবাস সরাসরি ক্রয় পদ্ধতিতে রাষ্ট্রায়ত্ত প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড–এর মাধ্যমে সংগ্রহ করা হবে।
এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।
সরকারি সূত্র জানায়, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী সব ধরনের যানবাহন ক্রয় স্থগিত থাকলেও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র্যাবের কার্যক্রম জোরদারের প্রয়োজন বিবেচনায় বিশেষ অনুমোদনের জন্য প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
উল্লেখ্য, প্রকল্পটি ২০১৮ সালের ৭ নভেম্বর একনেক সভায় অনুমোদন পায়। এর মেয়াদ ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে। চলতি আরএডিপিতে প্রকল্পটির জন্য ১৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
Leave a Reply