মুফতি আমির হামজা কুষ্টিয়া সরকারি কলেজে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
কলেজ সূত্র জানায়, আন্তবিভাগ মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমির হামজা। বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উঠতেই ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে একদল শিক্ষার্থী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরে তিনি মাঠে গেলে শিক্ষার্থীরা তাকে ঘিরে বিক্ষোভ করেন এবং মাঠে বসে পড়েন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজের অধ্যক্ষ তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান। পরে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের সামনেও অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ সদস্যদের সঙ্গে কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন এমপি আমির হামজা।
ঘটনার পর আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজে দাবি করা হয়, ছাত্রদলের নেতা-কর্মীরা তাকে অবরুদ্ধ করে রেখেছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি। তার দাবি, গাছ কেটে মঞ্চ তৈরির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন এবং এতে ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই।
শিক্ষার্থীরা জানান, আন্তবিভাগ ক্রীড়া প্রতিযোগিতার মাঠ প্রস্তুত করতে ক্যাম্পাসের সৌন্দর্যবর্ধনে লাগানো বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছ কেটে ফেলা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিয়েছেন এবং মঙ্গলবার মানববন্ধনও করেছেন।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোল্লা মো. রুহুল আমিন বলেন, এমপি অনুষ্ঠান শেষে তার কক্ষে ছিলেন, তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনা সঠিক নয়। গাছ কাটার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বরও অবরুদ্ধের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে এমপিকে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে দেখেছেন এবং পরে তার সঙ্গেই ক্যাম্পাস ত্যাগ করেন।
Leave a Reply